কীটনাশক পান: পোশাক শ্রমিক স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু
from Bartabazar.com

গাজীপুরের কাশিমপুরে কীটনাশক পান করে ফিরোজ হোসেন মন্ডল (২৫) ও তাসমিন আক্তার লিজা (২২) নামে এক দম্পতি আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ অক্টোবর) ভোরে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফিরোজ হোসেন মন্ডল নওগাঁ জেলার মান্দা উপজেলার ভোলাগাড়ি গ্রামের ফাসির উদ্দিন মন্ডলের ছেলে। আর লিজা নেত্রকোনার আটপাড়া উপজেলার সবুজ মিয়ার মেয়ে। তারা কাশিমপুরের হাজী মার্কেট পুকুরপাড় এলাকায় স্থানীয় জাহিদ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশি নান্টু ও রঙ্গিলা জানান, রোববার রাত ১১টার দিকে তারা খবর পান লিজা ও তার স্বামী কীটনাশক পান করেছেন। খবর পেয়ে বাসায় গিয়ে দেখেন দুজনই কাতরাচ্ছেন। এ অবস্থাতেই লিজা জানান, তারা স্বামী-স্ত্রী দুজনই কীটনাশক পান করেছেন। তাদের উদ্ধার করে প্রথমে সাভারের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তারা আরও জানান, বছরখানেক আগে প্রেমের সম্পর্কের পর লিজা ও ফিরোজ বিয়ে করেন। তাদের কোনো সন্তান হয়নি এখনও। কোনো কলহ ছিল না তাদের মধ্যে। একমাস আগে অসুস্থতার জন্য লিজা চাকরি ছেড়ে দেন। তবে কি কারণে একসাথে তারা বিষপান করলো তা জানা নেই।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বিষপানে দম্পতির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বার্তা বাজার/এসজে/অমি
Comments
Post a Comment