আপত্তিকর ভিডিও: কারাগারে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস

আপত্তিকর ভিডিও: কারাগারে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস

from Bartabazar.com

আপত্তিকর ভিডিও’র জেরে শ্লীলতাহানির মামলায় সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে হাজির হয়ে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিব উল্লাহ হিরুর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি। অন্যদিকে বাদী পক্ষে অ্যাডভোকেট আনিসুর রহমান, নিয়াজ মোর্শেদ নোমান জামিন বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

গত ১১ সেপ্টেম্বর শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগী নারী সবুজবাগ থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, সবুজবাগ কালীবাড়ি রাস্তা সংলগ্ন ওই নারীর শ্বশুরের দোকান রয়েছে। তারা দোকান সংস্কার করতে গেলে কাউন্সিলর চিত্তরঞ্জন দাস ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ বিষয়ে জানতে যোগাযোগ করলে চিত্তরঞ্জন তাকে রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তার রাজারবাগ কালীবাড়ি কার্যালয়ে যেতে বলেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রাত পৌনে ১০টার দিকে ওই নারী স্বামীসহ কাউন্সিলরের কার্যালয়ে যান। চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে চিত্তরঞ্জন দাস ওই নারীকে পাশের কক্ষে বসতে বলেন। পরে চিত্তরঞ্জন ওই কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা করেন।

বার্তা বাজার/নব


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ