বিদ্রোহীরা জনপ্রিয় হলেও তাদের দলীয় মনোনয়ন নয়

বিদ্রোহীরা জনপ্রিয় হলেও তাদের দলীয় মনোনয়ন নয়

from Bartabazar.com

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থী যতই জনপ্রিয় হোক না কেন তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটি।

এছাড়া অতীতে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছেন তাদের ভবিষ্যতে নৌকার মনোনয়ন দেওয়া হবে। পাশাপাশি যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে তাদেরও মনোনয়ন দেওয়া হবে না।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ বিষয়গুলো নিয়ে ফের আলোচনা হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।

গণভবনে সকাল সাড়ে ১০টা থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত এই সভা চলে। মাঝে দুপুরের খাবার ও নামাজের জন্য বিরতি ছিল। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, শেখ আবুল হাসানাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, রশিদুল আলম প্রমুখ।

বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান, প্রত্যেক প্রার্থীর জীবনবৃত্তান্ত খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। বর্তমানে যারা চেয়ারম্যান পদে আছেন তাদের মধ্যে যাদের বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে তাদের দলীয় মনোনয়ন না দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাত, বিদ্রোহী প্রার্থী হওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের মনোনয়ন দেওয়া হয়নি। রাজশাহী ও রংপুর বিভাগের অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি। অতীতে যারা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন জিতে এবার নৌকা চেয়েছেন তাদের মনোনয়ন দেওয়া হয়নি।

বৈঠকে সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। নৌকা চেয়ে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য অধ্যাপক মেরিনা জাহানের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনপ্রতিনিধি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, আমাদের নারী নেতৃত্ব বাড়াতে হবে। সংসদ অথবা যেকোনো নির্বাচনে যোগ্য নারী পেলে আমি তাকে মনোনয়ন দেব। নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ফোরামেও নারী নেতৃত্ব বিকশিত হোক এমনটিই চাওয়া আওয়ামী লীগ সভাপতির।

বার্তা বাজার/অমি/নব


Comments

Popular posts from this blog

ঈদুল আজহায় টানা ১০ দিনের মহোৎসব: দীর্ঘ ছুটির ফাঁদে সরকারি দপ্তর, আনন্দে ভাসছেন চাকরিজীবীরা

Samsung Galaxy S27-এ আসছে বৈপ্লবিক পরিবর্তন: ম্যাগনেটিক অ্যাকসেসরিজের জন্য বদলাচ্ছে ক্যামেরার রূপ