টিকার নিবন্ধন করতে পারবেন ১৮ বছর বয়সীরাও
from Bartabazar.com

করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ নাগরিকদের জন্য টিকা গ্রহণে নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ২৫ থেকে ১৮ বছর করা হচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টিকার বয়সসীমা কমিয়ে ২৫ বছর থেকে ১৮ বছর করার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আমরা এ কার্যক্রম শুরু করতে পারব। আইসিটি বিভাগকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের প্রক্রিয়া শেষ হলেই আমাদের জানাবে এবং আমরা ঘোষণা দিয়ে আঠারো বছরের বেশি বয়সীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করব।
স্কুল শিক্ষার্থীদের টিকা প্রসঙ্গে শামসুল হক বলেন, ১২ বছর থেকে ১৭ বছরের সব স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। তাদের আপাতত ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে স্কুলের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের সনদের মাধ্যমে টিকা নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ১৯ জুলাই, করোনার টিকা নেওয়ার বয়স ৩০ বছর নির্ধারণ করে স্বাস্থ্য অধিদফতর। এর আগে গত ৫ জুলাই করোনাভাইরাসের টিকার বয়স ৩৫ বছর নির্ধারণ করা হয়।
বার্তা বাজার/অমি
Comments
Post a Comment